ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার পর আগামী কয়েক দিনের জন্য ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বিশেষ করে আগামী শনিবার এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকের পর মাখোঁ বলেন, যেসব সংগঠনের বিক্ষোভ বা সমাবেশ আয়োজনের বৈধতা নেই, তাদের আবেদন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাতিল করবেন।
তিনি জানান, ট্রেড ইউনিয়নগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের অনুমতি চাইতে পারবে। তাদের আবেদন পর্যালোচনা করবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ট্রেড ইউনিয়নগুলোর আবেদনের ক্ষেত্রে তারা বিকল্প পথে বিক্ষোভ করার প্রস্তাব দেবেন।
তবে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভের আবেদন সম্ভব হলে নিষিদ্ধ করা হবে। পরিস্থিতি শান্ত রাখা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মাখোঁ।
জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ মোকাবিলায় আগাম প্রস্তুতির ঘাটতি ছিল বলে স্বীকার করেন মাখোঁ। তিনি বলেন, পরিস্থিতির কিছু দিক আগে থেকে অনুমান করা যায়নি।
তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। গত বুধবার রাতের ঘটনাগুলোও এসব পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
মাখোঁর অভিযোগ, সম্প্রতি উগ্র বামপন্থি সংগঠনগুলো সরকার উৎখাতের চেষ্টা চালিয়েছে। তাদের রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতে শুক্রবার প্রতিরক্ষাবিষয়ক একটি বৈঠক ডাকার কথাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে আরও কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
সূত্র: আনাদোলু
