অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের তথ্য ছড়াচ্ছে।
সম্প্রতি নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে দাবি করেন তাঁর প্রেস কর্মকর্তা। ওই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর প্রচারকে তিনি সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন।
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেসব মাধ্যম এ খবর প্রকাশ করেছে, তাদের তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করা হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
