প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় চাকরিতে পুনর্বহালসহ তাঁদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরি হারিয়ে তাঁরা ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।
চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা বলেন, চাকরি হারানোর পর অনেকেই চরম অর্থসংকটে পড়েছেন। এতে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের দাবি, চাকরিতে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।
আন্দোলনকারীরা বলেন, ইতিমধ্যে অর্থসংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তাঁরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কর্মস্থলে পুনর্বহাল ও দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
