যশোর শহরে নিজ বসতঘরে ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলা বঁটি দিয়ে কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী মনিরুলের বিরুদ্ধে। গত শনিবার রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে বসতঘরের মধ্যে ফাতেমার গলায় বঁটি দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া সোহেল হোসেন জানান, কী কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়েছিল, তা তিনি জানতে পারেননি। ঘটনার বিস্তারিত বিষয়েও তার কাছে নিশ্চিত তথ্য নেই। ফাতেমা সুস্থ হলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।