গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কোটালীপাড়া-রাজৈর সড়কের দুই পাশে প্রতিদিন সকালে বসছে বাজার। মাছ, সবজি, হাঁস-মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়ে সংকুচিত হয়ে পড়ছে সড়ক। এতে যানজট সৃষ্টি হচ্ছে, বাড়ছে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ। দীর্ঘদিনের এ সমস্যা থেকে মুক্তি পেতে বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, কোটালীপাড়া পৌরসভার পশ্চিমপাড় এলাকায় সড়কের দুই পাশে সারি সারি দোকান বসেছে। মাছ, সবজি ও মুদি পণ্যের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়। এর মধ্যেই চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। ফলে সড়কে চলাচলের জায়গা কমে গিয়ে যানজট তৈরি হচ্ছে। বাজারের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদেরও।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সূর্যোদয়ের পর বাজার জমে ওঠে এবং সকাল ১০টা পর্যন্ত চলে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মাছ, সবজি ও অন্যান্য পণ্য নিয়ে এখানে আসেন। টাটকা পণ্য কেনার আশায় সকালে ক্রেতারাও ভিড় করেন। বিক্রেতাদের দাবি, প্রতিদিন এ বাজারে ৮ থেকে ১০ লাখ টাকার পণ্য কেনাবেচা হয়। তবে বেচাকেনার এই ব্যস্ততা গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
কর্মজীবী তামান্না খানম বলেন, সকালে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। বাজারের কারণে যানবাহন ও মানুষের ভিড় একসঙ্গে তৈরি হয়। বাজারের জন্য কাছাকাছি আলাদা জায়গার ব্যবস্থা করা জরুরি।
ক্রেতা সজীব জয়ধর বলেন, এখানে সকালে প্রয়োজনীয় প্রায় সব ধরনের টাটকা পণ্য পাওয়া যায়। তবে সড়কের ওপর বাজার বসায় চলাচলে সমস্যা হয়। নির্দিষ্ট জায়গায় বাজার স্থানান্তর করা হলে ক্রেতাদের সুবিধা হবে, কমবে জনদুর্ভোগও।
মাছ বিক্রেতা সমরেশ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে তিনি এখানে ব্যবসা করছেন। কাছাকাছি সুবিধাজনক ও নিরাপদ জায়গা করে দেওয়া হলে সেখানে বাজার সরিয়ে নিতে তার আপত্তি নেই।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের ভোগান্তি সত্ত্বেও সড়কের ওপর বাজার বসা বন্ধে স্থায়ী সমাধান হয়নি। সকালে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের যানজটের মধ্যে চলাচল করতে হচ্ছে। ব্যবসায়ীদের জীবিকা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল, দুই দিক বিবেচনায় নিয়ে বাজারটি বিকল্প স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফিন বলেন, সড়কের ওপর বাজার বসায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাজারটি বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
