
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার ৮ আসামিসহ গ্রেপ্তার ১০
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযানে চুরি মামলার আট আসামিসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে চন্দনাইশ থানার নিয়মিত মামলায় আটজন, জিআর পরোয়ানামূলে একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দনাইশের পশ্চিম চর বরমার মো. ছৈয়দ (৪৮), সন্দ্বীপের মো. নজরুল ইসলাম (৩৫), বায়েজিদের অক্সিজেন এলাকার মো. নয়ন ওরফে আব্দুল্লাহ (৪০), লোহাগাড়ার মো. নাছির উদ্দিন (৩৫), বাঁশখালীর মো. নজরুল ইসলাম (২৪), মো. আব্দুর রহমান (২৭), কোতোয়ালীর মো. তারেক (২৬) এবং বাকলিয়ার তক্কারপুল এলাকার মো. শরীফ মিয়া ওরফে কালু (২৭), দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকার মো. আব্দুল গনি ও মো. রাসেল (২৩)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, চুরি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
