রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়িরচাপায় রিকশাচালক মো. শাহজালালী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এসএম রিজন। তিনি রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রুতগতিতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। আহত হন ওই নারীসহ আরও দুজন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
