চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর এক যাত্রীর অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা পার হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীকে তল্লাশি করে।
তল্লাশির সময় ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
