জাপানি সাংবাদিককে আটক করার ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ
রাশিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে গুপ্তচরবৃত্তির সন্দেহে তারা একজন জাপানি সাংবাদিককে আটক করেছে।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি মঙ্গলবার ঘোষণা করেছে যে, দূর প্রচ্যের সাখালিন অঞ্চল থেকে ‘দ্য হোক্কাইদো শিম্বুন প্রেস’-এর ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোর একজন সংবাদদাতাকে তারা আটক করেছে।
এফএসবি ওই ব্যক্তির বিরুদ্ধে জাপানের একটি গোয়েন্দা সংস্থার নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য সংগ্রহের অভিযোগ এনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া ছাড়ার ঠিক আগে তাকে আটক করে তাৎক্ষনিকভাবে মস্কোতে পাঠিয়ে দেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এফএসবি কর্মকর্তারা সেই সাংবাদিককে আটক করছে, এমন একটি ভিডিও সম্প্রচার করার পাশাপাশি নাম প্রকাশ না করা এক ব্যক্তির সাক্ষাৎকারও প্রচার করেছে, যাকে তারা এফএসবি কর্মকর্তা বলে উল্লেখ করে।
সাক্ষাৎকারের সময় ওই ব্যক্তি দাবি করেন যে, রুশ নিয়ন্ত্রিত ও জাপানের দাবি করা চারটি দ্বীপসহ অন্যান্য দ্বীপের বাসিন্দাদের কাছ থেকে সেই সাংবাদিক ইউক্রেনে হামলা করার জন্য যাদের সংগঠিত করা হয়েছিল এবং যারা স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। ওই ব্যক্তি আরও বলেন যে, এই তথ্য সংশ্লিষ্ট জাপানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সেই সাংবাদিক।
জাপানে এই চারটি দ্বীপকে উত্তর ভূখণ্ড হিসাবে অভিহিত করা হয়। জাপান সরকার দাবি করে যে, এই দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করা হয়েছিল।
টেলিভিশন স্টেশনটি আরও সম্প্রচার করেছে যে, মস্কোর একটি আদালত ওই সাংবাদিককে এক মাস ২৯ দিনের জন্য আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাকে ১২ই ডিসেম্বর পর্যন্ত আটক রাখা হবে বলে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে।
জাপান সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত তথ্য সরবরাহ করা এবং ন্যায্য ও নিরপেক্ষ পদ্ধতি অনুসরণ করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছে।