লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম। তবে নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে দেখেন, ছাগলটি ঘাস খাচ্ছে। এ সময় ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন। পরে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্য প্রাণীর আনাগোনা রয়েছে। তবে কীভাবে বাঘটি লোকালয়ে এসেছে এবং সেটি বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে হাতিবান্ধা গোতামারি ইউনিয়নের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মোনা বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন আহত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। রংপুর থেকে প্রানীসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসতেছে বলে জানান তিনি।
হাতীবান্ধা মেডিকেল হাসপাতালের উপ- মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান বলেন, তিনজন আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছিল। তাদেরকে রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
