অভিনেতা রাজপাল যাদব।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। একটি সিনেমার শুটিংয়ের জন্য ক্যানাডা যেতে পাসপোর্ট ফেরতের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। রাজপালের আর্জিকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে আদালত তাঁকে নির্দেশ দিয়েছে ক্যানাডা যাওয়ার আগে অভিনেতাকে নিম্ন আদালতের দেওয়া সমস্ত শর্ত কঠোর ভাবে মেনে চলতে হবে।
বৃহস্পতিবার রাজপালের দায়ের করা মামলার শুনানিতে তাঁর আইনজীবী বিক্রান্ত যাদব জানান যে, তাঁর মক্কেল প্রতিশ্রুতি দিয়েছেন, ক্যানাডায় গিয়েই তিনি শুটিং করবেন। সেই কারণে তাঁর বিদেশযাত্রা জরুরি। তা না হলে রাজপালের কথার খেলাপ হবে। নিম্ন আদালত তাঁর মক্কেলের পাসপোর্ট কারণে অভিনেতার বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু তাঁর পাসপোর্ট জমা রয়েছে নিম্ন আদালতে। পাসপোর্ট না পেলে তাঁর পক্ষে বিদেশে যাওয়া সম্ভব নয়। আইনজীবী এ-ও জানান, ইতিমধ্যাই শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজপাল চেক বাউন্সের মামলায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে ২ কোটি টাকা জমাও দিয়েছেন।
মামলার গুরুত্ব এবং জটিলতা বিবেচনা করে শীর্ষ আদালত জানিয়েছে, উভয় পক্ষের (যাঁকে দেওয়া চেক বাউন্স হয়েছিল এবং রাজপাল) একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানের জন্য এই আর্থিক বিরোধটি মধ্যস্থতাকারীর কাছে পাঠানোই উপযুক্ত। আদালত উভয় পক্ষকে মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করে একটি তারিখ নির্ধারণ করার নির্দেশ দিয়েছে। মধ্যস্থতার সময়ে রাজপাল অনলাইন বা সরাসরি উপস্থিত থেকে মধ্যস্থতাকারীকে সাহায্য করতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, বিদেশ সফর শেষ করে দেশে ফিরে আসার পরে রাজপাল যাদবকে অবিলম্বে নিম্ন আদালতকে বিষয়টি জানাতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ জেনে চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কিত অনেকেই মনে করছেন, এই মধ্যস্থতার মাধ্যমে অভিনেতা এবং তাঁর পাওনাদারদের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত আর্থিক সমস্যার একটি স্থায়ী সমাধান বের হবে।