যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব।
সভায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলার মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব বলেন, দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, অপরাধমূলক অপতৎপরতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজবের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভায় চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজাউলিয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
