‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হক (চাঁন মিয়া তালুকদার) এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল আলম লিটন প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ সামাজিক অবক্ষয়ের একটি নমুনা এবং আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। কন্যাশিশুরা পরিবারের বোঝা নয়; বরং সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের এগিয়ে নিতে বাল্যবিবাহ প্রতিরোধ করা জরুরি।
তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধে কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয়, এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গ্রামগঞ্জে ব্যাপকভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তাহলেই বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
র্যালি ও আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সাইমুন শাহানাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম এবং উপজেলা মহিলা বিএনপির আহ্বায়ক আসমা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
