ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি শেয়ার করে তাকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় ও অপুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ওই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। ছবিগুলোতে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন অপু। অন্য একটি ছবিতে তাকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এ ছাড়া একসঙ্গে সেলফিও তুলেছেন তারা।
পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন অপু। শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’
সবশেষে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা করে অপু লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
পোস্ট করার পর কমেন্ট বক্স বন্ধ করে দেন অপু। ফলে কেউ সেখানে মন্তব্য করতে পারছেন না। আবার ওই ব্যক্তি কে, সেই পরিচয়ও প্রকাশ করেননি তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম বলছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়ও মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। সেই সূত্রে ফেরদৌস হাসানের সঙ্গে তার ব্যবসায়িক যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে তাদের সম্পর্ক কেবল ব্যবসায়িক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরে অন্য কোনো সমীকরণ রয়েছে—এ বিষয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল থাকলেও তাদের সম্পর্কের প্রকৃত ধরন এখনো নিশ্চিত নয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
