দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সঙ্গে মৃত্যু আশঙ্কাজনক বাড়ছে। নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩২১ জনের মৃত্যু হলো। এ ছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এর ফলে এবার ভর্তি হলেন এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে
তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছরের নিচে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭০ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ২৪১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৩ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৫৪ জন, ময়মনসিংহে ১১৪, রাজশাহী ১৭০, রংপুরে ৭০ এবং সিলেটে ১৭ জন ভর্তি হয়েছেন।
মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।
মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৮ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৫, রাজশাহীতে ২৩, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।
