রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও অমিত হাসান। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তারা ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট। আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’র শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো এবং দেশে তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত।
মিরপুরের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদার জানান, গ্রেপ্তাররা মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, সন্ত্রাসী মশিউর রহমান ও সন্ত্রাসী জামিলুর রহমান ওরফে জামিলের ভাগ্নে। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার সাভারের নামাগেন্ডা এবং বর্তমান ঠিকানা পল্লবী থানাধীন কালশী এলাকার ৫০ নম্বর বাসা, ‘ধ ব্লক। মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। তার মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলেও প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইলফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে। মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী মামালায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
