বরগুনার বেতাগীতে মাদক কারবার, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। রোববার (১৮ অক্টোবর) সরকারি সফরের শেষ দিনে বেতাগী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।
সফরকালে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ বলেন, “আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে।” সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও সরকারদলীয় চিফ হুইপের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “আপনারা আমাকে দুই তলায় উঠিয়েছেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে একশ তলায় উঠিয়েছেন।”
সরকারি সফরের অংশ হিসেবে তিনি উপজেলার ৩৪টি পূজামণ্ডপসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সরকারি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
পরে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় অংশ নেন চিফ হুইপ। সভায় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন তিনি। এ সময় মাদক কারবার, নিষিদ্ধ সংগঠনের মিছিল এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নুরুল ইসলাম মনি বলেন, এসব অপরাধ ও তৎপরতা বন্ধে পুলিশকে ৬০ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বেতাগীতে মাদক কারবারি, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও কিশোর গ্যাংয়ের তৎপরতা থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যথায় সংশ্লিষ্ট থানার ওসিকে দায়িত্বে থাকতে দেওয়া হবে না বলেও জানান।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে দলীয় কর্মীসভায় যোগ দেন চিফ হুইপ। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি। উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বেতাগীতে তাঁর দিনব্যাপী সরকারি সফর শেষ হয়।
The post বেতাগীতে চিফ হুইপের হুঁশিয়ারি, অপরাধ দমনে পুলিশকে ৬০ দিনের সময় appeared first on ভোরের চেতনা.
