Published : 19 Oct 2026, 07:07 PM
Updated : 19 Oct 2026, 07:07 PM
বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হবে আগামী ৮ ডিসেম্বর।
সেদিন আপিলের পাশাপাশি অন্যান্য আবেদনের শুনানিও শুরু করা হবে।
সোমবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ তারিখ ঠিক করে দেন।
প্রায় ১৪ বছর আগের আলোচিত এ হত্যাকাণ্ডের আপিল শুনানির বিষয়ে আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “যে সমস্ত চাঞ্চল্যকর মামলা, যে সমস্ত মামলা স্বাভাবিকভাবে মানুষ মনে করে এগুলোর বিচার সম্পন্ন করার পরে কার্যকরের দিকে যাওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমরা অ্যাটর্নি জেনারেল অফিস রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করি, সেই বিবেচনায় এ মামলাগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য মাননীয় আপিল বিভাগে আবেদন করেছি।
“আমরা মনে করি এই সমস্ত মামলাগুলো বাংলাদেশের মানুষের বিবেককে বিশেষভাবে আলোড়িত করেছিল, সে সমস্ত মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।”
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে দর্জি শ্রমিক বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
