ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা, ঢাকা
দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১৯টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে নিয়মিত টহলকালে দুজন পথচারীকে সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মেহেদী হাসান ২৫, রিয়াজ রাকিব ২০ ও তাদের এক সহযোগী। তাদের সবার বাড়ি যশোর জেলার শার্শা থানাধীন এলাকায়।
ওসি সাইফুল আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে স্বর্ণ বহনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যেই স্বর্ণগুলো বহন করা হচ্ছিল।
