গোয়ালন্দে মা ইলিশ শিকারের অভিযোগে আটক ৭ জেলে
রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী গ্রামের মো. মিজান শেখ (২৭) ও আমিন ফকিরের ডাঙ্গী গ্রামের সোবহান শেখ (৩০)। অন্য দুজন হলেন গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়ার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।
দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। কারেন্ট জালগুলো উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
