দিল্লিতে এবার ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক দিল ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামে একটি সংগঠন। শুক্রবারই প্রতিবাদ কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, মিছিলটির জন্য এখনও পুলিশের অনুমতি নেওয়া হয়নি। তবে মিছিলে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে, বামনেত্রী নেহা বোরা-সহ একাধিক পরিচিত মুখ।
‘পিপল এগেইনস্ট এসআইআর’ হল একটি নয়া সংগঠন। শিক্ষার্থী, কৃষক এবং সুশীল সমাজের বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত। এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতায় তারা বিক্ষোভ কর্মসূচিটির আয়োজন করেছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল মিছিলটির জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ফলে কর্মসূচিটি কেন্দ্র করে দিল্লির রাজপথ ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, আগের বিক্ষোভ কর্মসূচিগুলির জেলে দিল্লির বিভিন্ন এলাকায় জারি হয়েছিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা, যা এখনও বলবৎ রয়েছে।
গত ১৮ অক্টোবর এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছিল, এই কর্মসূচিটির নাম ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পদযাত্রা’। তাদের সাফ কথা, এর জন্য কোথাও পুলিশের অনুমতির আবেদন করা হবে না। একইসঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ না করার বিষয়ে তারা পুলিশ, আধাসামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সতর্ক করে দিয়েছে। সংগঠনটির স্লোগান হল – ‘হর গলি যন্তর মন্তর, হর গাঁও যন্তর মন্তর, মেরা ঘর যন্তর মন্তর’। এই মিছিলে ‘ইন্ডি’ জোটকেও তারা আমন্ত্রণ জানিয়েছে বলে খবর। তবে আমন্ত্রিতদের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
‘পিপল এগেইনস্ট এসআইআর’-এর বক্তব্য, মিছিলটি কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে শুরু হবে। শেষ হবে প্যাটেল চকের কাছে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে। সংগঠনটি জানিয়ে দিয়েছে, পুলিশ যদি তাদের পথ আটকায়, তাহলে বিক্ষোভকারীরা সেখানেই ‘জন-সংসদ’ (পিপলস পার্লামেন্ট)-এর আয়োজন করবেন। গাওয়া হবে জাতীয় সংগীত।
