কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুনে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।
মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তানভীরের ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ ও রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমন। অপর আসামির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।
- Advertisement -
ঘটনার দিন শনিবার সন্ধ্যায় সুমনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।
রবিবার ( ১৮ অক্টোবর ) সকালে ওসি বলেন, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেন।
মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
