আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় কাগিসো রাবাডা। চতুর্থ দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে ঘরের মাঠে ২০০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন। রেকর্ড বুকে কয়েকজন তারকার তালিকায় প্রবেশ করলেন। আইপিএলের পর প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন রাবাডা। প্রথম ইনিংসে নিক ম্যাডিনসন এবং মিচেল স্টার্কের উইকেট নেন। ঘরের মাঠে ৩৮ টেস্টে ২০০ উইকেট তুলে নিলেন প্রোটিয়া পেসার।গড় ২০.০৬। এরমধ্যে দশবার ৫ উইকেট নেওয়ার নজির গড়েন। চারবার ১০ উইকেট নেন। সেরা বোলিং ১১২ রানে ৭ উইকেট। ডেল স্টেইন, মাখায়া এনটিনি এবং শন পোলকের তালিকায় যোগ দিলেন রাবাডা।
একমাত্র স্টেইন রাবাডার থেকে কম সংখ্যক ম্যাচে এই রেকর্ড অঙ্কে পৌঁছেছিলেন। তাঁর থেকে এক টেস্ট কম, ৩৭ নম্বর টেস্টে দুশো উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। এই জায়গায় পৌঁছতে রাবাডা নেন ৭০১৭ বল। সবচেয়ে কম বলে ২০০ উইকেট। স্টেইন নিয়েছিলেন ৭৭৫১ বল। মোট ৭৪ টেস্টে ৩৪২ উইকেট নেন প্রোটিয়া তারকা। গড় ২২.০১। তারমধ্যে ১৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। চারবার ১০ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। তারপর ফলো অন দেয়। একমাত্র স্টিভ স্মিথ ২০ রানের বেশি করেন। ৮৮ বলে ২৮ রান করেন। ৩৩ রানে ৫ উইকেট তুলে নেন মার্কো জ্যানসেন। রাবাডা এবং মুলডার জোড়া উইকেট নেয়। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকাও। ১১০ রানে ৬ উইকেট হারায়। এরপর দলকে ম্যাচে ফেরান তেম্বা বাভুমা। ৩৩৪ বলে ১৭৯ রান করেন। ইনিংসে ছিল ১৮টি চার এবং একটি ছয়। ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে তিন টেস্টের সিরিজ ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। সমতা ফেরানোর হাতছানি রয়েছে প্রোটিয়াদের সামনে।
