ইতালিতে পরপর ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে সিসিলির কাছে ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর আরো ১১টি ভূকম্পন হয়। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালেরমো ও মেসিনার বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় বসবাসরতদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি ‘কমলা’ (অরেঞ্জ) পর্যায়ের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে আসে এবং সরকারি কার্যালয়গুলো খালি করে ফেলা হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল উত্তর উপকূলের পালের্মো থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে; দ্বীপটির রাজধানী এই শহরটিতে ৬ লাখ ৪৮ হাজার ২৬০ জন মানুষ বসবাস করে।
স্থানীয় বাসিন্দারা পালেরমো, পাত্তি, লিকাটা, কাপো ডি’অরলান্দো এবং কাম্পোফেলিস ডি রোচেল্লায় কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। লিকাটা এলাকাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্য ১১টি কম্পনের প্রতিটিই ৩ মাত্রার বেশি ছিল।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) দ্বীপটির উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে, যা স্থানীয় সময় সকাল ১০টা বেজে ১৯ মিনিটে আঘাত হানে।
