যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউটের (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি। ১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহেও সহায়তা দেওয়া হবে।
ইন্টার্নশিপটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট অথবা নাসার জনসন মহাকাশকেন্দ্রে অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলবে ২০২৭ সালের ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।
এ কর্মসূচিতে আবেদন করতে হলে শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে এবং অন্তত ৫০ সেমিস্টার ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শুরুর আগের সেমিস্টারেও স্নাতক ডিগ্রি কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে।
ভৌতবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাগত ফলাফল, গবেষণার আগ্রহ, পূর্ব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও মূল্যায়ন করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার পাশাপাশি গবেষণায় সরাসরি অংশগ্রহণ, বৈজ্ঞানিক বক্তৃতা, পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও থাকবে।
আবেদনের জন্য হালনাগাদ জীবনবৃত্তান্ত, ইংরেজিতে প্রস্তুত করা আনুষ্ঠানিক শিক্ষাগত নম্বরপত্র, দুই বা তিনটি সুপারিশপত্র এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি কয়েকটি রচনাধর্মী প্রশ্নের উত্তরও দিতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়ম, আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা ও আর্থিক সহায়তার শর্ত জানতে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন।
The post যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত appeared first on ভোরের চেতনা.
