চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল হোসেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, খুলশী থানার চাঁদাবাজির একটি মামলায় ওয়াকিল হোসেন বগা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালতে পুলিশের প্রসিকিউশন শাখার এক কর্মকর্তা জানান, ওয়াকিল হোসেন দুপুর ১২টার পর আদালতে আসেন। ২টার দিকে তার জামিন আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।
ওয়াকিল হোসেনের বিরুদ্ধে মোট হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা আছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে একাধিবার চেষ্টা করেও পুলিশ ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২৯ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় ১৬ বছর বয়সী কিশোর সবজি বিক্রেতা খুনের মামলাতেও আসামি করা হয়েছিল বগাকে। ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে বগার বিরুদ্ধে।
