স্টাফ রিপোর্টার : আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনের আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে ৩টা থেকে নগরের চাঁদনীঘাটে মূল মঞ্চ থেকে বিসর্জন শুরু হয়ে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। দেবীর বিদায় উপলক্ষে নগর ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শনিবার ও রোববার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী এবং মঙ্গলবার মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়। পাঁচ দিন ধরে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।
পঞ্জিকামতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন।
এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট সংগঠনগুলো বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। নগর ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে পূজার দিনগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, নগরের চাঁদনীঘাটে মূল মঞ্চ থেকে বিসর্জন বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সিলেট মহানগরে ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহানগরের মণ্ডপগুলোর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন এবং ২৬টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে নগরের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন শুরু হবে। এসময় বিজয়া দশমীতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে যাওয়া হবে বিসর্জনস্থলে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
