উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সফরে গেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, নতুন চালু হওয়া ইয়ালু নদীর সেতু দিয়ে তিনি চীনে প্রবেশ করেন। সম্প্রতি কিম জং উনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তিনি জীবিত আছেন তা প্রমাণ করতে ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া। এমন ঘটনার পর তার চীন সফরের খবর সামনে এলো।
শনিবার (২৪ অক্টোবর) তার এই সফর এমন এক সময়ে হলো, যখন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। প্রায় ১২ বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয় মাত্র এক সপ্তাহ আগে। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনেরও গুরুত্বপূর্ণ উৎস বেইজিং।
তবে দুই দেশের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুর দিকে নতুন ইয়ালু নদীর সেতু দিয়ে দানদংয়ে পৌঁছান কিম।চার লেনের এই সেতুর নির্মাণকাজ ২০১৪ সালে শেষ হয়েছিল। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামো প্রস্তুত না থাকায় এটি চালু করতে দীর্ঘ সময় লেগেছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে কিমের চীন সফরের খবর জানা গিয়েছিল। সে সময় বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সফরে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে বৈঠকও করেন উত্তর কোরীয় নেতা। এরপর চলতি বছরের জুনে সি জিন পিং রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যান। দুই নেতার এসব সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরাএমএসএম
