রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারের কাছে দ্রুত জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাব। ভবিষ্যতে ক্ষমতায় গেলে মন্দিরের জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে গতকাল সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মণ্ডপে উপস্থিত হয়ে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এনসিপি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান— সব ধর্মের মানুষকে নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছিল।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বী রিয়াদসহ অন্য শহীদদের আমরা স্মরণ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি।
আখতার বলেন, আমরা দেখছি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাক-কাণ্ডের মধ্য দিয়ে আবার সামনে এসেছে। তিনি বলেন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে। ইশরাকের পদত্যাগ কি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো বিষয় রয়েছে? সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সীমান্তগুলো সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
আখতার আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আইওয়াশ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তা উদ্ঘাটন করে সেই জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।
