কালবেলা · সাধারণ
মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
২০/১০/২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে। আহত দুই বন্ধু হলেন- একই এলাকার নাঈম হোসেন (২২) ও সাজ্জাদুল ইসলাম (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাবিব ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবপুর এলাকায় পূজামণ্ডপ থেকে একটি অটোরিকশা প্রধান সড়কে উঠে এলে মোটরসাইকেলটি সড়কের একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় এবং অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে হাবিবকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাবিবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗