পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দৈনিক কালবেলা অল্প সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। পত্রিকাটি দল-মতের ঊর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার পঞ্চমবর্ষে পদার্পণ উপলক্ষে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ সব কলাকুশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।
দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা বলবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলন সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ বলেন, কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট এবং ডিজিটালে অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দেশের যে কোনো নিউজ সর্বপ্রথমে কালবেলার মাধ্যমে পাই।
এ সময় তিনি কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটি পাঠক নন্দিত ও দেশে-বিদেশে সমাদৃত। আমি আশা করি কালবেলার এই জনপ্রিয়তার ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান প্রমুখ।
এছাড়াও সাংবাদিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন- পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
