জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(জাবিপ্রবি) ক্যাম্পাসে বিভিন্ন গুপ্তদের অনুপ্রবেশ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাবিপ্রবি ছাত্রদল।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জাবিপ্রবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিবের যীনাত মিয়া আজিজুলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়৷
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে এখনো বিভিন্ন গুপ্তচর ও ফ্যাসিস্টদের দোসররা গোপনে অনুপ্রবেশ করে পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের যেকোনো পুনর্বাসনের চেষ্টা কঠোরহস্তে প্রতিহত করার ঘোষণা দেন তারা। ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, “জাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন গুপ্ত গোষ্ঠীর অনুপ্রবেশ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জাবিপ্রবি ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।”
জাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক, সদস্যবৃন্দসহ নেতাকর্মীরা অংশ নেন।
