টেকনাফে নিখোঁজ দুই কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার সন্ধ্যায় চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।
পরে পরিচয় ও ঠিকানা যাচাই করে রাত ৮টার দিকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন দুই কিশোর-কিশোরীকে অপরিচিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। পরে তাদের আটক করে এপিবিএনকে খবর দেন। খবর পেয়ে ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া কিশোর জমির হোসেন (১৫) চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। কিশোরী মরিয়মের (১৪) বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায়।
এপিবিএনের তথ্য অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয়।
পরে রাত ৮টার দিকে ক্যাম্পের বি/০৬ ব্লকে জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

