গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নিয়ন হুদা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, রংপুর থেকে আসা ডুবুরি দলের দীর্ঘ চেষ্টার পর নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন। তিনি গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে চারজন মিলে নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
