মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি, নিয়মিত ও রাজনৈতিক মামলার আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ জন রয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি তিনজন, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ জন, চুরি মামলার আসামি দুজন, নিয়মিত মামলার আসামি চারজন, রাজনৈতিক মামলার আসামি একজন এবং সন্দেহভাজন একজন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
