বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে গতকাল রাজশাহী থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ড. আবদুল মঈন খানকে গত বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ ও মহিলা এবং শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে গতকাল তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধায়নে আছেন স্থানীয় সরকারমন্ত্রী।
গতকাল সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান রুহুল কবির রিজভী। তিনি ভূমিমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে তাকে ঢাকায় আনা হয়।
