কাপ্তাই ৩৮ বীর রণজীয় রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত বলেছেন, বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একই আকাশের নিচে, একই ছাতার নিচে বসবাস করছেন। এখানে ধর্মীয় কিংবা জাতিগত কোনো ভেদাভেদ নেই।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০ টায় রাঙ্গামাটি রাজস্থলী শ্রীশ্রী হরি মন্দিরে নবমী পূজার সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।
উপস্থিত পূণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে অধিনায়ক বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান, সহকারি পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল হাসান রাসেদ পরাগ, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, সাংবাদিক আজগর আলী খান,ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ,মিঠুল দে, পুজা উদযাপন কমিটির সভাপতি অমল নাথ সহ মন্দিরের আগত ভক্তগন নারী পুরুষ।
