শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
আজমিরীগঞ্জে নিখোঁজের পর গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
- ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাজার-সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নামেন মরিয়ম। এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে নিখোঁজের পরদিন বুধবার সকালে নদীতে ভেসে ওঠে তাঁর মরদেহ। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


