কালবেলা · আন্তর্জাতিক
ইউক্রেনকে আবার গোয়েন্দা তথ্য দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি
১৮/১০/২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষায় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ আবার শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক বিরতির পর এই সহযোগিতা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে তা আবার চালু হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে দফায় দফায় দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আগাম সতর্কতা দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রেখেছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন, সতর্কবার্তা ছাড়াই রাশিয়ার কয়েকটি হামলা হয়েছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗