ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জে আবাসিক এলাকায় বাসাবাড়িতে ভেজাল কোমল পানীয়, সস ও আচার তৈরি করে বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৯)। তাঁর বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার চর রঘুনাথপুর এলাকায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আবাসিক এলাকার একটি বাসাবাড়িতে অবৈধভাবে কারখানা স্থাপন করে ভেজাল মিশ্রিত কোমল পানীয়, সস ও আচার উৎপাদন করে আসছিলেন। পরে এসব পণ্য বিভিন্ন নামে-বেনামে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২ ও ৪৩ ধারায় সাদ্দাম হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, “অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদনের দায়ে ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। কেরানীগঞ্জে কোনো অবৈধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকতে পারবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
