খাগড়াছড়ির সাজেক পর্যটন সড়কে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের (২১ অক্টোবর) মধ্যেই পর্যটন এলাকা ছেড়ে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
এর আগে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
এর আগে গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়কে অবরোধ শুরু করে সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে দুই দফায় কর্মসূচি শিথিল করা হয়। তবে তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, অবরোধ চলাকালে জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী গাড়ি। এ ছাড়া সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহনও অবরোধের আওতামুক্ত থাকবে।
