The Sangbad · সাধারণ
দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট
১৬/১০/২০২৬

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। এর অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় বিশেষ ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ (জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ মোতায়েনের মহড়া) এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ সদস্য মোতায়েন, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসংলগ্ন এলাকায় বাড়তি জোর দেওয়া হচ্ছে।নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করেন পুলিশ সদস্যরা। পাশাপাশি নম্বরপ্লেটহীন ও লাইসেন্স ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।
মূল প্রতিবেদনে যান ↗