কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন ও সংবাদ সম্মেলন করেছে এসআরবি ১৩
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পূজামণ্ডপ পরিদর্শন ও সংবাদ সম্মেলন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৩।
আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এসআরবি ১৩, রংপুরের উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
এ সময় তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ৫৬৬টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ১৩-এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি এসআরবি ১৩, রংপুরের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এ সময় তিনি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখা গেলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানান। তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদ সম্মেলন শেষে কর্মকর্তারা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে বের হন।
