দুর্গাপূজার অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার সহশিল্পীরা। ইমনের অভিযোগ, ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীরা তার বিরুদ্ধে দুর্ব্যবহার করেন ও ধাক্কা দেন।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিউ জার্সির একটি পূজার অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়িকার সঙ্গে। শেষপর্যন্ত ওই নির্দিষ্ট ফ্লাইটটি ধরতে পারেননি তারা।
ঠিক কী ঘটেছিল তাদের সঙ্গে? ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ইমন চক্রবর্তী। তার অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। উল্টো বিমান সংস্থাটির কর্মীরা তাদের সঙ্গে অভদ্র আচরণ করেন। এমনকি গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
ইমন জানান, নিউ জার্সির দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা নির্ধারিত সময়েই ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার সময় কোনো যুক্তি ছাড়াই তাদের আটকে দেওয়া হয়। প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। ইমনের অভিযোগ, তাকে ও তার সহশিল্পীদের ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে বের করে দেওয়া হয়।
শুধু তাই নয়, ইমন ও তার দলের সদস্যদের বাদ্যযন্ত্র নিয়েও অবজ্ঞাসূচক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন গায়িকা। পুরো ঘটনায় তারা অসহায় বোধ করছিলেন বলেও জানান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটটি ধরতে পারেননি তারা। পরে বিকল্প একটি ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানানো হলেও সেটি নিয়েও অনিশ্চয়তা ছিল বলে দাবি ইমনের।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনেকে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে দলের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন ইমন চক্রবর্তী।
The post গায়িকা ইমন চক্রবর্তীকে ধাক্কা-অপমান appeared first on Ctgtimes.com.
