আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো উপলক্ষে আজই কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিদর্শন করবেন শহর এবং শহরতলির একাধিক পুজোমণ্ডপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর ঘিরে আকাশপথের নিরাপত্তায় বিশেষ সতর্কতা কলকাতা পুলিশের।
শহরের নির্দিষ্ট এলাকায় ড্রোন, বেলুন, গ্লাইডার-সহ বিভিন্ন ধরনের ছোট আকাশযান ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অনুষ্ঠানস্থল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যাতায়াতের পথের চারপাশে তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে ‘নো ড্রোন জোন’ ও ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ১৭ অক্টোবর বিকেল ৪টে থেকে ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মাটি থেকে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশ জারি হলে অথবা নির্ধারিত সময়ের আগে প্রত্যাহার করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৭ ও ১৮ অক্টোবর আলিপুরের ‘সৌজন্য’এবং শোভাবাজার রাজবাড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অমিত শাহের। সেই সফরকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। নির্দেশিকায় আকাশপথে সম্ভাব্য হামলা ও নাশকতামূলক কার্যকলাপের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় ড্রোন ও চালকবিহীন আকাশযান ছাড়াও বেলুন, গ্লাইডার, সব ধরনের ছোট বিমান এবং নির্ধারিত সূচির বাইরে চলাচলকারী বিমান ওড়ানো যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ নম্বর ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ অক্টোবর দু’দিনের জন্য পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। সফরকালে বেলুড় মঠ-সহ কলকাতা ও শহরতলির একাধিক দুর্গাপুজো মণ্ডপ দর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, ১৭ অক্টোবর, শনিবার সন্ধেবেলা গুজরাতের আমদাবাদ বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে রওনা দেবেন অমিত শাহ। রাত ৮টার আশপাশে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর।
