রংপুরে বিমানযোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সৈয়দপুর শহরের বিভিন্ন সড়ক ও স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও ময়লার ভাগাড়টি অপসারণে স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
রোববার সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের পানি উন্নয়ন বোর্ডের পাশের এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। এতে সড়কের পাশের ভাগাড়টি আগের তুলনায় কিছুটা পরিচ্ছন্ন দেখাচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই সড়ক দিয়েই প্রধানমন্ত্রী রংপুরে যাবেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শহরের বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে এসব বর্জ্য পড়ে থাকায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে এত দিনেও তা অপসারণে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার সকাল থেকে ভাগাড়ের কিছু ময়লা সরিয়ে সেখানে বালু ফেলে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। পৌরসভা কর্তৃপক্ষ এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জায়গাটি পরিষ্কার করে বালু ফেলা হচ্ছে।’
সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী শিক্ষার্থীরাও দুর্গন্ধের কারণে ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হতো। শহরের কয়েকটি স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এ পথ ব্যবহার করেন।
শিক্ষার্থীরা বলেন, শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। এখন পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এভাবে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা হলে তাদের চলাচলে সুবিধা হবে এবং পরিবেশদূষণ কমবে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এ ছাড়া যেসব জায়গায় ময়লার স্তূপ রয়েছে, সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।’
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।
