মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া আদিবাসীদের পানজুমে হামলা ও পানগাছ কর্তনের ঘটনায় জড়িতদের বিচার এবং পানচাষীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন , গত ৩০ সেপ্টেম্বর রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে ১২টি পরিবারের প্রায় ৮ হাজার ফলবান পানগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে খাসিয়া পুঞ্জিতে পানগাছ কর্তন ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং আদিবাসীদের ভূমি, জানমাল ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
