'বিগ বস বাংলা'র খেলা জমছে এবার! ফিনালের জন্য শুরু হচ্ছে প্রস্তুতি। আর সেই ধাপে প্রথম স্পেশ্যাল পাওয়ার পেলেন সোনামণি। কী সেটা?
সৌরভ গাঙ্গুলি এদিন 'দাদার দরবার'-এ জানান আজকের পর্ব থেকেই 'বিগ বস বাংলা'র ফিনালের জন্য লড়াই শুরু হবে। আর প্রতি সপ্তাহে স্টার পারফর্মার একটি করে স্টার পাবেন। এই সপ্তাহে সোনামণি সাহা, মনামী ঘোষ এবং সৃজলা গুহকে সেরা পারফর্মার বলে ঘোষণা করেন সৌরভ। তারপর এঁদের তিনজনের মধ্যে সোনামণিকে বেস্ট অফ বেস্ট ঘোষণা করে তাঁকে এই সপ্তাহের স্টার দেন। আর এই স্টার পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশেষ ক্ষমতাও পান তিনি। কী সেটা? এই সপ্তাহের জন্য তিনি ইমিউনিটি পেলেন, অর্থাৎ তাঁকে এই সপ্তাহে নমিনেট করা যাবে না।
এরপরই সৌরভ গাঙ্গুলি আবারও ঘোষণা করেন, প্রতি সপ্তাহে পারফরমেন্সের উপর ভিত্তি করে আগামী ৫ সপ্তাহ একজন করে এই স্টার এবং একটি করে বিশেষ ক্ষমতা পাবেন। আর এই সপ্তাহের সেই স্টার পারফর্মার হলেন সোনামণি সাহা। কেন? কারণ সৌরভের মতে তাঁর খেলার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে, তিনি খুলে খেলেছেন।
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম। সম্প্রতি ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস এবং রণিতা দাস। ২৫ অক্টোবর বিগ বস থেকে বাদ পড়লেন ভরত কল।
