বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলেছেন সংগঠনটির বিভিন্ন জেলার প্রান্তিক খামারি নেতারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, ইউসুফ আলী, আশরাফুল ইসলাম, জিল্লুর রহমান বাবলা, আরিফুল ইসলাম, আ. রশিদ, জাহিদুল হক রনি, কাইসার আহমেদ, শরীফ আহমদ ও আমজাদ হোসেনসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মফিজুল ইসলাম মল্লিক সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার মাধ্যমে প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করেছেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বাণিজ্য এবং অর্থ আত্মসাতের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, দেশের পোল্ট্রি শিল্পে প্রান্তিক খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন জেলার প্রান্তিক খামারি নেতারা অভিযোগের যথাযথ তদন্ত, ক্ষতিগ্রস্ত খামারিদের স্বার্থ সুরক্ষা এবং ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান। এ বিষয়ে অভিযুক্ত মফিজুল ইসলাম মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।
The post পোল্ট্রি সংগঠনের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ appeared first on ভোরের চেতনা.
