Published on
:
1 min read
এই সময়, বর্ধমান: দুর্গাপুজোর উৎসবে শরীরচর্চা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ ‘প্যাডেল টু প্যান্ডেল’। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও ফিট ইন্ডিয়ার উদ্যোগে, পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্টার্ট আপ ফাউন্ডেশন’ এবং ‘পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব’-এর সহযোগিতায় এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবে যানজট ও দূষণ কমাতে সাইকেল ব্যবহারে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফিট ইন্ডিয়ার স্টেট সাইক্লিং লিডার সন্দীপন সরকার জানান, ১০ অক্টোবর কলকাতার সল্টলেকে ‘সাই’-এর আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্রার উপস্থিতিতে এবং ভারতীয় সেনাবাহিনীর পঞ্চম বিহার রেজিমেন্টের অংশগ্রহণে এই কর্মসূচির সূচনা হয়। দ্বিতীয় দিনে দিঘা মেরিন ড্রাইভে প্রায় ২০০ জন অংশ নেওয়ার পরে ১২ অক্টোবর বর্ধমান শহরে তৃতীয় দিনের রাইড অনুষ্ঠিত হয়।
শ্রীরামাশিস হিন্দি হাইস্কুল, বর্ধমান টাউন স্কুল, শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ, নেহেরু বিদ্যামন্দির, মিউনিসিপ্যাল হাইস্কুল এবং রোটারি ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই রাইডের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল। উপস্থিত ছিলেন বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মাও।
কর্মসূচির অংশ নেওয়া সাইকেল আরোহীদের ফিট ইন্ডিয়ার তরফে বিশেষ পাঞ্জাবি উপহার দেওয়া হয়। সন্দীপন জানান, ১৩ অক্টোবর কোচবিহারে রাইডের পরে ১৪ অক্টোবর কলকাতায় ‘সাই’ রিজিওনাল সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই রাজ্যব্যাপী অভিযানের সমাপ্তি ঘটবে।
বর্জ্য সমস্যা মোকাবিলাতেও অনন্য নজির গড়ছে ‘স্টার্ট আপ ফাউন্ডেশন’। বর্ধমান-২ ব্লকের প্লাস্টিক বর্জ্য কেন্দ্র ও বড়শুল-২ পঞ্চায়েতের কঠিন বর্জ্য কেন্দ্রটি পিপিপি মডেলে দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে তারা এক মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণ করে পঞ্চায়েতকে লাভের মুখ দেখিয়েছে। সংস্থার প্রতিনিধি পার্থপ্রতিম মিত্র জানান, সব খরচ বাদ দিয়ে পঞ্চায়েতের তহবিলে প্রায় ১০ হাজার টাকা জমা হয়েছে। একই ভাবে আমারুন-২ পঞ্চায়েতেও দুই মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণ করে প্রায় ১৫ হাজার টাকা মুনাফা এনে দিয়েছে সংস্থাটি।